ঢাকার দোহার উপজেলায় পূর্ব শত্রুতার জেরে জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগ ও দোহার পৌর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে রাব্বিসহ তার গ্রুপের চারজন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কুঠি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বিভিন্ন সূত্রে থেকে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে জয়পাড়া কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আহমেদ রাব্বি ও পৌর ছাত্রলীগের সহ সভাপতি রাসেদুলের সঙ্গে এক বিষয় নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতে তা নিয়ন্ত্রণে আসে।
ওই ঘটনার জেরে রবিবার কলেজ ছাত্রলীগ নেতা রাব্বি, ছাত্রলীগ কর্মী রাজ,আবির ও সানজিদ উপজেলার কাঠালীঘাটা এলাকা থেকে জয়পাড়ায় আসার সময় কুঠিবাড়ি এলাকায় আসলে পৌর ছাত্রলীগের রাসেদুলের পক্ষের লোকজন তাদের হামলা করে কুপিয়ে জখম করে। এতে রাব্বিসহ ৪ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন রাব্বির সমর্থকরা।
এ ঘটনার পর থেকে জয়পাড়া কলেজ তার আসপাশে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর থেকে জয়পাড়া কলেজ মোড়ে ও কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ বলেন, আমি ছাত্রলীগের সবাইকে বলেছি এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে। সেই বিষয়টি মাথায় রেখে সবাই যেন চুপ থাকে। বাকিটাও সমাধান করার চেষ্টা করছি।
এ বিষয়ে দোহার থানা ওসি তদন্ত মো. আরাফাত বলেন ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা সেটি খেয়াল রাখছি। তবে কেউ পরিস্থিতি ঘোলাটে করলে আইনগত ব্যবস্থা নিব। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ বা মামলা হয়নি।
ইত্তেফাক/জেডএইচ