‘ইসরায়েলবিরোধী যুদ্ধ করতে ইচ্ছুক সবাইকে সমর্থন দেবে হিজবুল্লাহ’

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জুলুম ও উৎপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে আশুরার প্রধান শিক্ষা বলে মন্তব্য করেছেন। তিনি রবিবার রাজধানী বৈরুতের উপকণ্ঠে শোকাবহ আশুরা উপলক্ষে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা পোষণকারী যেকোনো সংগঠনকে সর্বাত্মক সহযোগিতা করার শপথ নিয়েছে হিজবুল্লাহ। 

মার্কিন সরকার ইয়েমেন, সিরিয়া ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের সব দেশের সম্পদ লুণ্ঠন করতে চায় বলে মন্তব্য করেন হিজবুল্লাহর মহাসচিব।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধেও অনির্দিষ্টকালের জন্য শত্রুতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। এ অবস্থায় সংগ্রাম ও প্রতিরোধ গড়ে তোলা ছাড়া নিপীড়িত জনগোষ্ঠীর সামনে আর কোনো পথ খোলা নেই বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া তিনি বলেন, ইহুদিবাদীরা পশ্চিম তীর দখল করার পরিকল্পনা বাদ দিতে রাজি না হয়ে কিংবা সংযুক্ত আরব আমিরাতে কাছে এফ-৩৫ জঙ্গিবিমান কেনার বিরোধিতা করে যে বক্তব্য দিয়েছে তাতে আবুধাবি চরম অপমানিত হয়েছে। পার্স টুডে 

ইত্তেফাক/এসআর