পলাশে নতুন আরও ১৫জনের করোনা শনাক্ত

পলাশে আশংকাজনক হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এ মহামারিতে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১৫জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন।

এনিয়ে পলাশ উপজেলায় মোট ২১২জন করোনা রোগী শনাক্ত হয়। নতুন ১৫জন শনাক্তদের মধ্যে ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া ১জন, দড়িহাওলাপাড়ায় ২জন, ওয়াপদা গেট ২জন, ঘোড়াশাল সারকারখানা ৩জন, চরসিন্দুরের মালিতায় ১জন, গজারিয়ার খাস হাওলার ১জন, নরসিংহচরের ১জন, মাঝেরচরের ১জন সহ আরও ৩ জন অন্যান্য স্থানের যারা পলাশে থেকে নমুনা পরীক্ষা দেন।

পলাশ থানার ওসি আরও জানান, করোনাভাইরাসে নতুন আক্রান্তরা হোম আইসোলেশনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ীর বাহিরে যাবেনা এবং কেউ প্রবেশ করবেনা। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের খাবারসহ যা প্রয়োজন পুলিশ এবং এলাকার জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবেন।

উল্লেখ্য, ২৯ আগস্ট নতুন ১৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে ৩০ আগস্ট রাতে ফলাফল পাওয়া যায়। এতে পলাশ উপজেলার ১৫ জনের করোনা শনাক্ত হয়। পলাশ উপজেলায় এ পর্যন্ত ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, পুলিশ, পৌর কাউন্সিলর, ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার ২১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এদের মধ্যে ২ জনের মৃত্যু ও ১৫০ জন সুস্থ হয়েছে।

ইত্তেফাক/আরকেজি