খুলনায় জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের ইটের আঘাতে সিরাজুল ইসলাম গাজী (৪০) নামে একজন নিহত ও তার ভাই শাহাদুল (৩৫) আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম বেতাগ্রামের মোক্তার আলী গাজীর ছেলে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত সিরাজুলের চাচি ফুলমতি বিবি ও চাচাতো ভাই হাসান গাজীকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বেতাগ্রামের মোক্তার আলী গাজীর পরিবারের সঙ্গে চাচাতো ভাই একই গ্রামের মৃত আমজাদ হোসেন গাজীর স্ত্রী ফুলমতি বিবি এবং ছেলে নজরুল ইসলাম গাজী, ইউনুছ গাজী, হাসান গাজী ও হোসেন গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল ৮টার দিকে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা উভয় পক্ষকে নিবৃত করে নিজ নিজ বাড়িতে নিয়ে যায়। পরে উভয়পক্ষ লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে মারামারি শুরু করে। একপর্যায়ে প্রতিপক্ষের ইটের আঘাতে সিরাজুল ইসলাম নিহত ও তার ছোটো ভাই শাহাদুল ইসলাম আহত হয়। এলাকাবাসী আহত শাহাদুলকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনে বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ঘটনাস্থল থেকে নিহত সিরাজুল ইসলাম গাজীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ফুলমতি বিবি ও তার ছেলে হাসান গাজীকে আটক করা হয়েছে। ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএএম