সাভারে র‌্যাব ও দুদকের পরিচয়দানকারী ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

সাভার থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃত ওই ভুয়া ম্যাজিস্ট্রেটের নাম মোঃ হারুন-অর-রশিদ খান(২৫)। তার বাড়ী নাটোর জেলায়।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে সাভার থানাধীন সিআরপি রোডের নিকটে ডগরমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে দুদক কর্মকর্তার ভুয়া আইডি কার্ড, ভুয়া প্রজ্ঞাপন, ওয়ারলেস সেটসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। 

আরো পড়ুনঃ লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত প্রতারক হারুন গত কয়েক বছর যাবৎ সাভার, আশুলিয়া, ধামরাই, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে কখনো র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো কাস্টমস অফিসার পরিচয় দিয়ে আসছিলো। পরে সুনির্দিষ্টই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মূলত সে বিভিন্ন অবৈধ কাজের সহায়তা ও চাকরি দেয়ার আশ্বাস দিয়ে ভিন্ন ভিন্ন মানুষের কাজ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। এছাড়া সে লালবাগ থানা এবং দায়রা আদালতের মামলার পলাতক আসামি।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর চৌধুরী জানান, আটককৃত হারুনের কাছ থেকে দুদক কর্মকর্তার ভুয়া ১টি আইডি কার্ড, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ২টি বদলি প্রজ্ঞাপন, ১টি ওয়ারলেস সেট, ২টি কাস্টমস অফিসারের ক্যাপ, ১টি পুলিশ ক্যাপ, ৩টি জ্যাকেট, ১টি ক্রেস্ট এবং ৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।