তালা উপজেলার বিভিন্ন স্থানে একইদিনে নতুন করে ২ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় ৩৪ নারীসহ মোট ১৪৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আর জেলায় এপর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১ জন। সোমবার (৩১ আগস্ট) সাতক্ষীরা সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অতনু কুমার ঘোষ জানান, এ পর্যন্ত উপজেলায় ৩৪ নারীসহ মোট ১৪৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ২৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। তবে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন রোগীর বাড়ি বিভিন্ন উপজেলায় হলেও তারা চাকুরীর সুবাদে তালা উপজেলার বিভিন্ন স্থানে বসবাস করে বলে জানা গেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, থানা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, সোমবার সাতক্ষীরা জেলায় ২০ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১ জন।
তিনি আরও জানান, সোমবার পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৮৮৯ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ১ হাজার ৩১ জনের রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৮৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৮৭ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৯ জন বলে জানা গেছে।
ইত্তেফাক/এমআর