সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিয়মিত ফেরি চলাচল বন্ধ থাকার কারণে মাদারীপুরের শিবচরের ইলিয়াছ আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ী ফেরিঘাটে পণ্যবাহী ট্রাকসহ পারের অপেক্ষায় রয়েছে প্রায় ৪ শতাধিক যানবাহন। নাব্যতা সংকটের কারণে মন্ত্রণালয়ের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখছেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম।
সোমবার (৩১ আগস্ট) বিকালে সরেজমিনে কাঁঠালবাডী ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে মাত্র ৪টি ফেরি চলাচল করায় ঘাটে প্রায় পণ্যবাহী ট্রাকসহ ৪ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: প্রণব মুখার্জির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায় , নদীতে নাব্যতা সংকট ও গত শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিয়মিত ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দিনের বেলা সকল ফেরি চলাচল করতে না পারায় ঘাটে আটকা পড়ে অনেক যানবাহন। তবে আজ সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে ঘাটে চলমান ১৮টি ফেরির মধ্য কলমীলতা, ক্যামেলীয়া, কাকলী ও ফরিদপুরী নামক ৪টি ফেরি চলাচল করলেও নদীতে নাব্যতা সংকট থাকার কারণে ফেরিগুলো সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না। এ কারণেই গত তিন দিন ধরে ঘাটে পারের অপেক্ষায় প্রায় পণ্যবাহী ট্রাকসহ ৪ শতাধিক যানবাহন রয়েছে। এদিকে ব্যক্তিগত ছোট গাড়ি এবং জরুরি পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সুযোগ দেওয়ায় বিপাকে পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক চালকেরা।
ইত্তেফাক/এএএম