ভোটের গান ‘জয়বাংলা’ প্রশংসিত

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা/শেখ হাসিনার সালাম নিন, জয় বাংলা-নৌকা মার্কায় ভোট দিন’ এই গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়েছিল। গানটি এরই মধ্যে তরুণ প্রজন্মের কাছে প্রিয় গানে পরিণত হয়েছে। গানটি ভাইরাল হয়েছে সারা দেশে। অনেকে এটিকে রিংটোন হিসেবেও ব্যবহার করছেন। ইউটিউবে অসংখ্য চ্যানেল থেকে নানারকম ভিডিও করে এটি প্রকাশ করা হচ্ছে। অল্পদিনেই গানটি ১০ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। আর আওয়ামী লীগের প্রার্থীরা গানটি প্রচারণার জন্য ব্যবহার করছেন। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গানটির সঙ্গে নেচে ফ্লাশমব তৈরি করেছেন।  হঠাত্ জনপ্রিয় হওয়া এই গান নিয়ে কৌতূহলেরও শেষ নেই। ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ শীর্ষক গানটির কথা লিখেছেন তৌহিদ হোসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সরোয়ার ও জিএম আশরাফ। এর সংগীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস। সম্পাদনা ও কালার সমন্বয়ে ছিলেন মোহাম্মাদ হূদয়। গানটির ভিডিওচিত্র প্রযোজনায়ও ছিলেন তৌহিদ হোসেন। গানটি প্রসঙ্গে তৌহিদ হোসেনে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ভিন্ন কিছু একটা করার পরিকল্পনা মাথায় ঘুরছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই গানটি করেছি। এমন অভাবনীয় সাড়া পাব ভাবতেই পারিনি। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে গানটি ভালো ভুমিকা রাখছে বলে আমি বিশ্বাস করি।’ তৌহিদ হোসেনের মতে, এক গানে সরকারের সাফল্য তুলে ধরা সম্ভব নয়। তবুও তিনি চেষ্টা করেছেন এবং সে চেষ্টাকে দেশবাসী সাদরে গ্রহণ করেছে। তিনি বলেন, ‘গানটি আমরা নিজেদের ভালো লাগার জায়গা থেকে তৈরি করে ইউটিউবে প্রকাশ করেছিলাম। বাকিটা ইতিহাস। দ্রুতই এটি ছড়িয়ে যায় সর্বত্র। আওয়ামী লীগের অনেক জনপ্রিয় নেতারাও এটিকে শেয়ার দিয়েছেন, ফোনের রিংটোন করে নিয়েছেন। অন্য দলের বন্ধুরাও গানটির প্রশংসা করছেন। এটা সত্যি আনন্দের।’ প্রথম গানটির সাড়া পাওয়ার পরই এর সিক্যুয়াল ‘জিতল আবার নৌকা’ গানটি প্রকাশ করা হয়। এই গানটিও রীতিমতো আলোড়ন তুলেছে।