g মা হ মু দু ল ক বি র
‘প্রথম তেরো পর্বে ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রের সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দেওয়া হবে নানান ঘটনার মধ্যদিয়ে। এরপর মূল গল্পে দর্শক নানা নাটকীয়তা দেখতে পাবেন, যেখানে দর্শক নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন। এরইমধ্যে আমি বেশ কয়েকটি পর্বেও কাজ করেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। আর যেহেতু নাটকটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে আমাদের কিংবদন্তি আনোয়ার হোসেন বুলু ভাই আছেন, তাই টেকনোলজির সর্বাধুনিক প্রয়োগের মধ্যদিয়েই তিনি চিত্রগ্রহণ করছেন। তাই আমি নাকটি নিয়ে খুব আশাবাদী।’ নতুন ধারাবাহিক নাটক ‘পরাধীন’-এ অভিনয় প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে এমনই বললেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। এই নাটকে মিলনের বিপরীতে অভিনয় করছেন আরেক ভার্সেটাইল অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অর্ষা বলেন, ‘শামীমা আপার নির্দেশনায় এবারই প্রথম ধারাবাহিকে অভিনয় করছি। যেহেতু ক্যামেরায় আছেন আমাদের শ্রদ্ধেয় আনোয়ার হোসেন বুলু আঙ্কেল, তাই কাজও অনেক ভালো হচ্ছে। আমরা যারা কাজ করছি সবাই বেশ আন্তরিকতা নিয়েই কাজ করছি। মিলন ভাইয়ের সঙ্গে এর আগেও আমি ধারাবাহিকে কাজ করেছি। নতুন ধারাবাহিক পরাধীন নিয়ে আমি খুব আশাবাদী।’ নির্মাতা শামীমা আক্তার বেবী জানান শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। ‘পরাধীন’ নাটকে বিভিন্ন চরিত্রে আরও যারা অভিনয় করছেন তারা হলেন আল মামুন, শহীদুজ্জামান সেলিম, মিলি বাশার, নাঈম, উর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। এদিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই তিনি বিপ্লবের নির্দেশনায় একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করবেন। এদিকে অর্ষা শিহাব শাহীনের নির্দেশনায় ‘দ্বিতীয় কৈশোর’ নামের একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার বিপরীতে আছেন অপূর্ব, তাহসান ও নিশো। উল্লেখ্য, ‘পরাধীন’ নাটকটির নাট্যকার শফিকুর রহমান শান্তনু।