চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম নগরীর হালিশহর ৩৭নং ওয়ার্ড বন্দরে সুরধ্বনি সঙ্গীত নিকেতনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় সুরধ্বনি সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিকনিক। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত সঙ্গীত পরিবেশন করে সুরধ্বনি সঙ্গীত নিকেতনের শিশু-কিশোর শিল্পীবৃন্দ এবং দলীয় নৃত্য পরিবেশন করে নদী, অর্শি, অন্বেষা, ঋষ্প, অন্বয়, প্রিমু, রূম্পা ও অলক। এরপর ‘আইবো বুজি আইবো দুলা...’ গান নিয়ে মঞ্চে আসেন উদীয়মান সঙ্গীতশিল্পী স্বপ্নময়ী সিকদার। এরপর একে একে দেবশ্রী ধর ‘একবার যেতে দে না’, হূদিকা চৌধুরী ‘এই মেঘলা দিনে একলা’, জয়ন্তী দাশ ‘আমার পরাণও যাহা চায়, ঝুলন ধর ‘মনে পড়ে রুবি রায়’, অলক চন্দ্র দাশ ‘গঙ্গা নদীর তীরে’, বৃষ্টি দাশ ‘ঝিক ঝিক ঝিক’, বাপন দাশ ‘এই যে আমার মাতৃভূমি’, এ্যানি দাশ ‘মিলন হবে কত দিনে’, স্মৃতি বৈষ্ণব ‘কুঞ্জ সাজাও গো’, সূকর্ণা ধর ‘যে দেশেতে শাপলা শালুক’, মম দাশ ‘অলিরও কথা শুনে’, তৃণা বণিক ‘বাঁধিনি হূদয় পিঞ্জরে’, আঁচল দে ‘একতারা তুই’ গানগুলো পরিবেশন করেন। নিতু দাশ, প্রিমু সরকার, দীপা কর ও বাপন দাশ ‘আমরা করব জয়’ দলীয় সঙ্গীত পরিবেশন করেন। ‘ভালো আছি ভালো থেকো’ গানটি পরিবেশন করে মঞ্চ মাতিয়ে রাখেন সঙ্গীত অনুরাগীদের প্রিয়মুখ স্বর্ণময়ী সিকদার।
অনুষ্ঠানে ত্রয়ী সেন ‘লোকে বলে বলে রে ঘর বাড়ি’, অর্শি ‘আমার গরুর গাড়িতে’, ঋষ্প, নদী ও প্রিমু ‘প্রজাপতি প্রজাপতি’, অন্বেষা ‘ঝুন ঝুন ময়না’, আঁচল ‘ওহে শ্যাম’, অলক ‘আজ জীবন খুঁজে’, রূম্পা ‘ছাতা ধরহে কেওড়া’, ঋষভ দে রিক ‘মেঘের কোলে রোদ হেসেছে’ গানগুলোর সাথে নৃত্য পরিবেশন করেন।
শুরুতে খোকন দে’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুকুল কান্তি সিকদার। বিশেষ অতিথি ছিলেন আলম বকর জাকারিয়া, প্রিপারেটরি স্কুলের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান, হালিশহর চারুকলা একাডেমির পরিচালক মোহাম্মদ বাবুল হক বাবু, রক্ষাকালী মন্দির কার্যকরী পরিষদের সভাপতি সাজিব দাশ ও সাধারণ সম্পাদক চন্দন দাশ প্রমুখ।