ঝিনাইদহে আরো একজন করোনায় মারা গেছেন, নতুন আক্রান্ত ২৮

ঝিনাইদহে গুলজার হোসেন নামে আরো একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ ভোরে কেভিড-১৯ হাসপাতালে তিনি মারা যান। তার বাড়ি ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায়। ২৭ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। এদিকে জেলায় নতুন করে ২৮জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৫২ জনে।

সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭জন, শৈলকুপা উপজেলায় ৪জন, হরিণাকুন্ডু উপজেলায়  ১জন, কালীগঞ্জ উপজেলায় ২জন ও কোটচাঁদপুর উপজেলায় ৪জন রয়েছে।

ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। করোনা প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। মাক্স ব্যবহার করছে না। হাট বাজারে মানুষ গিজগিজ করছে। কেউ সামাজিক দূরত্ব মানছে না। এতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

ইত্তেফাক/আরকেজি