নড়াইলের জামাই বাবু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন। নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গির বিশ্বাস, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে নড়াইলের জামাই বাবু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুভ্রা মুখার্জির মামা বাড়ি সদর উপজেলার তুলারামপুর কালি মন্দির চত্বরে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণে শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া শুভ্রা মুখার্জির নিজ বাড়ি সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা গ্রাম এবং মামা বাড়ি সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর গ্রামে চলছে মৃত্যু পরবর্তী ধর্মীয় আচার অনুষ্ঠান ও প্রার্থনা। বিষয়টি নিশ্চিত করেছেন শুভ্রা মুখার্জির ছোটভাই কানাইলাল ঘোষ (৭৩) ও শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও শুভ্রা মুখার্জির ভাইজি জামাই অয়ন দাস।
আরও পড়ুন: প্রণব মুখার্জির অন্ত্যেষ্টিক্রিয়া বিকেলে
জানা গেছে, সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা গ্রামের অমরেন্দ্র ঘোষের মেয়ে শুভ্রা ঘোষ। তারা ৪ ভাই ও ৪ বোন। ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর এ বাড়িতেই জন্মেছিলেন শুভ্রা। মা মিরা রানী ঘোষ। একই উপজেলার তুলারামপুর গ্রামে শুভ্রার নানা বাড়ি। ১৯৫৫ সালে তিনি পশ্চিমবঙ্গে চলে যান। শুভ্রার ভাইবোনেরা কালক্রমে ভারতে চলে গেলেও অমরেন্দ্র ঘোষের অপর সন্তান শুভ্রার ছোট ভাই কানাইলাল ঘোষ পৈতৃক ভিটায় বসবাস করছেন। ১৯৫৭ সালের ১৩ জুলাই শুভ্রা ঘোষের সঙ্গে মাত্র ১৪ বছর বয়সে প্রণব মুখার্জির বিয়ে হয়। বর্তমানে অভিজিৎ মুখার্জি ও সুরজিৎ মুখার্জি নামে দুই ছেলে এবং শর্মিষ্ঠা মুখার্জি নামে এক মেয়ে রয়েছে তাদের।
দীর্ঘ ৪০ বছর পরে ১৯৯৫ সালে শেকড়ের সন্ধানে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে শুভ্রা মুখার্জি বেড়াতে এসেছিলেন নড়াইলে। এরপর ২০১৩ সালের ৩ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনদিনের সফরে স্বস্ত্রীক বাংলাদেশে আসেন এবং ৫মার্চ স্ত্রী শুভ্রা মুখার্জিকে নিয়ে শ্বশুরবাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে বেড়াতে আসেন। ২০১৫ সালের ১৮ আগস্ট ভারতের আর্মি হাসপাতালে (রিসার্চ অ্যান্ড রেফারেল) শুভ্রা মুখার্জি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এদিকে প্রণব মুখার্জি দিল্লির আর্মি হাসপাতাল রিসার্চ অ্যান্ড রেফারালে সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি করোনা আক্রান্তসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
এদিকে প্রয়াত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির নামে তার মামা বাড়ি চাঁচড়ায় একটি মন্দির ও একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়। ভারত সরকারের অর্থায়নে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে ভারত-বাংলাদেশ মৈত্রী ছাত্রী হোস্টেল নির্মিত হয়েছে। এছাড়া শহরতলির বাঁশভিটায় শুভ্রা মুখার্জি মেমোরিয়াল হাসপাতাল নির্মাণের কাজ শুরু হলেও তা বন্ধ রয়েছে।
ইত্তেফাক/এএএম