সাবেক স্বামী কর্তৃক গণধর্ষণের শিকার তালাকপ্রাপ্ত মেয়ে

সাবেক স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত এক মেয়ে গনধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

আটকরা হলেন- মেয়েটির সাবেক স্বামী আরিফুর রহমান (২৪), গিয়াস উদ্দিন (২৫) ও ইসরাফিল শেখ। মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। 

থানা ও ধর্ষিতার পারিবারিক সূত্রে জানা যায়, মেয়েটি ফরিদপুরের আলফাডাঙ্গায় জুট মিলে কাজ শেষে সোমবার রাত ১০টার পর কোম্পানির গাড়িতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মেয়েটির পূর্বের স্বামী বদলি ড্রাইভার হিসেবে তার ৩ সহযোগীদের নিয়ে ফেরার পথে সকল শ্রমিকদের তাদের গন্তব্যে নামিয়ে দেয়। 

পরে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ভুল পথে নিয়ে একটি বাড়ির ফাঁকা জায়গা গাড়ি থামিয়ে অভিযুক্ত তিনজন ধর্ষণ করে। ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  

ধর্ষিতার মা জানান মেয়েটি রাতে বাড়িতে এসে ধর্ষণের ঘটনা খুলে বললে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশে খবর দেই, পরে পুলিশ তাদের গ্রেফতার করে। তিনি এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।  

থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/জেডএইচ