তুরস্ক ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখবে, প্রতিবাদ গ্রিসের

বিরোধপূর্ণ পূর্ব ভূমধ্যসাগরের এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে গ্রিস। 

মঙ্গলবার পর্যন্ত তুরস্কের অনুসন্ধান তৎপরতার সমাপ্তির কথা থাকলেও গত সোমবার রাতে তা ১২ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দেয় আঙ্কারা।

পার্সটুডের খবরে বলা হয়, প্রাথমিক ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুসন্ধান তৎপরতা চালানোর কথা ছিল। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ হয়েছে প্রতিবেশী দেশ গ্রিস। ফলে তুরস্কের এমন পদক্ষেপকে বেআইনি বলে দাবি করেছে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে ওই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে গ্রিসের পক্ষ থেকে বলা হয়, তুরস্ক আলোচনার আহ্বান উপেক্ষা এবং উসকানি বাড়ানো অব্যাহত রেখেছে।

জানা যায়, গত ২৪ আগস্ট ভূমধ্যসাগরের বিতর্কিত সমুদ্রসীমায় অনুসন্ধান চালানোর ঘোষণা দেয় তুরস্কের গবেষণা জাহাজ অরুচ রেইস। 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় নিউজ শেয়ার নিষিদ্ধ করার হুমকি ফেসবুকের

এদিকে উত্তেজনা নিরসনে তুরস্ককে আলোচনার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। গতকাল সোমবার পূর্ব ভূমধ্যসাগরে কোনও একতরফা পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানায়। পার্সটুডে।

ইত্তেফাক/আরআই