ইউরোপে ভারতীয় মার্গ এবং বিশ্ব সঙ্গীতের শীর্ষ সংগঠন সৌধের ব্যবস্থাপনায় অচিরেই মুক্তি পাচ্ছে কবিতা এবং সঙ্গীতের বিশেষ প্রযোজনা ‘এ টাচ অব সেনসুয়ালিটি’।
কবি টি এম আহমেদ কায়সারের পরিচালনায় ইতিপূর্বে সম্প্রচারিত ‘লেটারস টু গড’ নিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের নানা দেশের শিল্পানুরাগী দর্শকবৃন্দ। ‘লেটারস টু গড’ ফলতঃ করোনার ক্রান্তিকালে মানুষ এবং তার অন্তর্গত সত্তার মধ্যকার এক দার্শনিক এবং অন্তর্মুখী সংলাপ।
‘লেটারস টু গড’ এ বিশেষ অঞ্জলি ও আরাধনা নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় কত্থক শিল্পী সঙ্গীতা চ্যাটার্জি। এই নৃত্যের নেপথ্য সঙ্গীত রচনা করেছেন বিখ্যাত জাজ মিউজিশিয়ান ও পিয়ানিস্ট উইল লাওটন।
করোনা সংকটের উপর রচিত টি এম আহমেদ কায়সারের কথা ও রাগ দেশে সুরারোপিত কম্পোজিশনে একটি বিশেষ সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন কলকাতার মেধাবী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কোয়েল ভট্টাচার্য। সঞ্জয় মিশ্রের কথায় সুরারোপ ও সঙ্গীত পরিবেশন করেছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী পদ্মশ্রী ড. সোমা ঘোষ।
ইরানিয়ান কবি ও সঙ্গীতশিল্পী নিকনাজ মীরগালামীর ক্যালিগ্রাফি, কথা এবং সঙ্গীতের সমন্বয়ে একটি অভিনব উপস্থাপনা এতে যোগ করেছে বিশেষ মাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিপদে মোরে রক্ষা করো' গীতিকবিতার বাংলা এবং ইংরেজি পাঠ করেন যথাক্রমে আবৃত্তিশিল্পী চন্দ্রিমা রায় এবং গল্পকার শ্রী গাঙ্গুলী। শিশুশিল্পী তানিশা চৌধুরী, আনভিতা গুপ্ত, আনায়া নিরভানার অভিনয় এবং কথা পুরো পরিবেশনায় এক হৃদয়স্পর্শী আবহ তৈরি করেছে। পুরো আয়োজনের নেপথ্য যন্ত্রসংগীত রচনা করেছেন তরুণ সিতার মায়েস্ট্রো শ্রী রামপ্রপন্ন ভট্টাচার্য। ভিডিও সম্পাদনা এবং সৃজনশীল সহযোগিতায় ছিলেন নীল মালাকার।
কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কবি ও কথাশিল্পী ক্লেয়ার পটার এক লিখিত প্রতিক্রিয়ায় জানান, এই বিশেষ ভিজ্যুয়াল প্রোডাকশন আমার নিজের ত্বক এবং হাড়ের অস্তিত্ব ভুলিয়ে দিয়ে নিজের একান্ত সত্তার সঙ্গে মিশিয়ে দিয়েছে প্রায়। কোভিদের এই ক্রান্তিলগ্নে কথা, সঙ্গীত এবং দৃশ্যের এমন অভূতপূর্ব সমন্বয়ধর্মী পরিবেশনার জন্যে সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানাই।
বিশিষ্ট সাংবাদিক ও এশিয়ান কালচার ভালচারের সম্পাদক শৈলেশ রাম লিখেন, ‘লেটারস্ টু গড’ সত্যিই অভূতপূর্ব। পরিবেশনাগুলোর প্রত্যেক মুহূর্তেই আমি অভিভূত হয়েছি। ভালোবাসা।’
ইতালির প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও গবেষক ইগোর অরিফিসি লিখেন, ‘ভক্তি, ভালোবাসা এবং সমর্পণের সমন্বয়ে এই অভূতপূর্ব পরিবেশনা দেখতে ও শুনতে অসম্ভব ভালো লেগেছে। সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।’
কিউবার কবি এবং সঙ্গীতশিল্পী স্নেজহিনা গুলুবোভা লিখেন, 'এই ক্রান্তিলগ্নে এমন একখানা অনন্যসাধারণ পরিবেশনার জন্যে মনে মনে অপেক্ষায় ছিলাম।’
প্রোডাকশনগুলোর নির্দেশক ও সৌধ পরিচালক টি এম আহমেদ কায়সার জানান, করোনার ক্রান্তিলগ্নে আমরা শিল্পের নানারকম উদ্যোগ নিয়ে মানুষের নিঃসঙ্গতার সঙ্গী হতে চেয়েছি। লকডাউনের শুরুতেই সৌধ প্রযোজিত অনলাইন অনুষ্ঠানমালা একদিকে যেমন পথিকৃৎের ভূমিকা রেখেছে, অনুপ্রাণিত করেছে অন্যান্য শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠনদের; অন্যদিকে বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ও শিল্পের বিচিত্রমুখী, গভীর, শীর্ষমানসম্পন্ন পরিবেশনা এবং কথোপকথন বিপুলভাবে প্রশংসিত হয়েছে দর্শক, শিল্পী, আয়োজকসহ সকল মহলে। আমরা এখন সঙ্গত কারণেই নতুন নতুন সব শিল্প প্রযোজনা নির্মাণ করে রেখে যেতে চাই আজকের এবং ভবিষ্যৎকালের শিল্পানুরাগী দর্শকদের জন্যে।’
ইত্তেফাক/জেডএইচ