বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
n নতুন মৌসুমের আগে ২০ শতাংশ পারিশ্রমিক পাবেন খেলোয়াড়রা
n ২০২০-২১ মৌসুম হতে পারে তিন-চারটি ভেন্যুতে, সংক্ষিপ্ত পরিসরে
n কমতে পারে দলপ্রতি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণও
স্পোর্টস রিপোর্টার
করোনার ছোবলে ২০১৯-২০ ঘরোয়া ফুটবল মৌসুম বাতিল হয়েছে বহু আগেই। তবে এর পরও ফুটবলাররা পাচ্ছেন পুরো পারিশ্রমিকই। গতকাল মঙ্গলবার পেশাদার লিগ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
গেল মৌসুম বাতিলের পর নতুন মৌসুম কবে শুরু হবে প্রশ্নটা বেশ কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে ফুটবলপাড়ায়। এ নিয়ে দফায় দফায় আলোচনা হলেও সমাধানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল লিগ কমিটি।
গত ২৫ আগস্ট ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেছিল বাফুফে লিগ কর্তৃপক্ষ। সেদিন খেলোয়াড়-পক্ষ দুটো দাবি তুলেছিল, অসম্পন্ন ২০১৯-২০ মৌসুমের পুরো পারিশ্রমিক আর নতুন মৌসুমের পারিশ্রমিকের ৬০-৭০ শতাংশ আগাম পরিশোধের।
গতকাল প্রিমিয়ার লিগের ১৩টি দলের প্রতিনিধিদের সঙ্গে সভায় খেলোয়াড়দের দ্বিতীয় দাবিটি গৃহীত না হলেও প্রথমটা মেনে নেওয়া হয়েছে। অসম্পন্ন মৌসুমের পুরো পারিশ্রমিকই পাবেন ফুটবলাররা। গতকাল লিগ কমিটির সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন মৌসুম শুরুর আগে ক্লাবগুলোকে খেলোয়াড়দের অন্তত ২০ শতাংশ আগাম পরিশোধ করতে হবে।
এদিকে নতুন মৌসুম কবে শুরু হবে, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও মিলেছে সংক্ষিপ্ত এক আসরের আভাস। গেল মৌসুমে ৭ ভেন্যুতে খেলা হলেও আসন্ন ২০২০-২১ মৌসুমে খেলা হতে পারে তিন থেকে চার ভেন্যুতে। মাঠগুলো হতে পারে ঢাকার কাছাকাছি কোনো জায়গায়, ইঙ্গিত লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদীর। তিনি জানান, করোনাকালে খেলোয়াড়দের ঝুঁকি কমাতেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।
সভায় আরো আলোচনা হয়েছে আসন্ন লিগ মৌসুমে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়েও। সেখানে সম্ভাবনা আছে বিদেশিহীন এক লিগের। এ ব্যাপারে লিগের বেশির ভাগই মত দিয়েছে বিদেশি খেলোয়াড় না খেলানোর পক্ষে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আরো ১০-১৫ দিন পর, সভা শেষে জানিয়েছেন সালাম মুর্শেদী।