স্পোর্টস রিপোর্টার
দেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছিল গত মার্চে। তখনই দেশের আর সব প্রতিষ্ঠানের মতো ওয়ার্ক ফ্রম হোম পরিকল্পনায় চলে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাকালে প্রায় তিন মাস বিসিবির কর্মীরা বাসা থেকেই কাজ করেছেন। গত জুলাইয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে বিসিবি। কর্মীরা নিয়মিত অফিসে হাজির হন।
কিন্তু চলতি সপ্তাহে আবারও ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে ফিরে গেছে বিসিবি। জানা গেছে, মূলত করোনা আতঙ্কেই এমনটা করা হয়েছে। কারণ গত কয়েক দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কর্মরত ৮-১০ জনের মাঝে করোনার উপসর্গ দেখা দিয়েছে। সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।
এই পরিস্থিতিতে করোনা সতর্কতার অংশ হিসেবে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি আবারও চালু করেছে বিসিবি। অবশ্য ক্রিকেটারদের অনুশীলন অব্যাহত রয়েছে। এমনকি গুঞ্জন আছে, পরিস্থিতির অবনতি হলে ক্রিকেটারদের অনুশীলনও এক সপ্তাহের জন্য বন্ধ হতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক কার্যক্রমে ফেরার আশা করছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সতর্কতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। তিনি বলেন, ‘এটা সার্বিক নিরাপত্তার জন্য। বলতে পারেন আমাদের পরিকল্পনার একটি অংশ। মানুষ সাধারণত একটি অভ্যাসে অভ্যস্ত হয়ে গেলে রিল্যাক্স হয়ে যায়। যদি কারো মধ্যে উপসর্গ দেখা দেয় সেটা ভাবনার বিষয়। তো সে কারণেই এই সতর্কতা।’