হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রাজার বাজার ও খোয়াই ব্রিজ সংলগ্ন আশ্রাবপুর গ্রাম ছিল শান্ত জনপদ। কয়েক বছর ধরে এখানে বালু উত্তোলন আর ট্রাক্টরের অত্যাচার চলছে। দফায় দফায় এর প্রতিবাদ করেও ফল মিলছে না। ইটসলিং রাস্তার কোথাও একটি ইটও অবশিষ্ট নেই। প্রতিদিন ভোর ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রতি দু’মিনিটে একটির আসা অন্যটির যাওয়া মিলে ১৪ ঘণ্টায় কমপক্ষে ৮৪০ বার আসা-যাওয়া করে। লোকালয়ের ভেতরে বালুর পাহাড়, ডজন ডজন ট্রাক্টর, বড় বড় এক্সেভেটর, অন্যদিকে নদীতে বালু উত্তোলনের বিকট শব্দ সৃষ্টিকারী সারি সারি বুমা মেশিনের মহাযজ্ঞ। বিরতিহীন বিকট শব্দে বাসিন্দদের জীবন অতিষ্ঠ। শ্বাসকষ্ট, শিক্ষার্থীদের পড়াশোনা নষ্ট, রাস্তায় অনিরাপদ চলাচল ইত্যাদি নিত্যসঙ্গী। বিকট আওয়াজে বধির হয়ে যাচ্ছে মানুষ। শিশুরা কখনো ভয়ে কেঁদে ওঠে। কখনো মনে হয় ঘর ভেঙে মাথায় পড়ল বুঝি! সড়ক নিকটবর্তী কমপক্ষে ৩০ বা ৪০ টি পরিবার ভুক্তভোগী। খোয়াই সেতুও বালু উত্তোলনের ফলে হুমকির সম্মুখীন। নদীর উভয় তীরে পাড় রক্ষা বাঁধের ব্লক খসে খসে পড়ছে। এই শব্দদূষণ, বালু অত্যাচার থেকে আমরা সাধারণ মানুষ মুক্তি চাই। পরিশেষে, যথাযথ কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করছি।
কামাল আহমেদ, আশ্রাবপুর, রাজার বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ