হাওরের ঢেউয়ে ভাঙছে দিরাই-শ্যামারচর সড়ক

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা

দিরাই থেকে শাল্লা যাতায়াতের সহজ যোগাযোগমাধ্যম এলজিইডির অধীনে থাকা দিরাই-শ্যামারচর সড়ক। এবারের ভয়াবহ বন্যায় হাওরের ঢেউয়ে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। আর এ অংশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয়রা। সরজমিনে দেখা যায়, ছায়ার হাওর ও উদগল হাওরের উত্তাল ঢেউয়ে দিরাই-শ্যামারচর সড়কের বিভিন্ন অংশের সড়ক রক্ষা ব্লক খসে পড়েছে। শতাধিক গাছপালা বিলীন হয়েছে এবং এই বিটুমিনাস সড়কের বিভিন্ন স্থানে ভেঙে হাওরে বিলীন হয়েছে। সড়কের ভাঙন এলাকায় একটি কালভার্ট সেতুর উভয় পার্শ্বের অ্যাপ্রোচের মাটি সরে গেছে। এই সড়কের পার্শ্ববর্তী এলাকা কালীনগর, চকবাজার, রাজানগর সড়কে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।  স্থানীয় বাসিন্দা শফিকুন নুর ও আহসান মিয়া বলেন, সড়কটি হাওরের ঢেউয়ে ভেঙে পড়েছে। সময় যত পার হচ্ছে, ভাঙন ততই বাড়ছে। ধীরে ধীরে সড়কের মাঝ পর্যন্ত চলে এসেছে। দ্রুত মেরামত কাজ শুরু না হলে পুরো সড়কটি বিলীন হয়ে যাবে। দিরাই-শ্যামারচর সড়কের সিএনজির চালক আব্দুল লতিফ বলেন, হাওরের ঢেউয়ে সড়কটি ভেঙে যাওয়ায় আমাদের খুবই সতর্ক হয়ে গাড়ি চালাতে হয়। সামান্য ভুলের জন্য বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, প্রতিনিয়ত এমন আশঙ্কা আমাদের। এই সড়ক সংস্কারের জন্য জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন, জনগণের চরম দুর্ভোগ সৃষ্টির আগেই এ সড়ক সংস্কার প্রয়োজন।  দিরাই উপজেলা এলজিইডির প্রকৌশলী ইফতেখার হোসেন জানান, এবারের বন্যায় এ সড়কের প্রায় পৌনে তিন কিলোমিটার ভেঙে গেছে। এ সড়ক সংস্কারের জন্য তারা দ্রুত জরিপ কাজ শেষ করেছেন। পানি কমে গেলে কাজ শুরু করবেন।