সাড়ে পাঁচ মাস পর খুলল পর্যটনের দুয়ার

মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাই ও ময়নামতি পাহাড় এলাকার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সরকারি দর্শনীয় স্থান ও ব্যক্তিমালিকানার পার্ক ছাড়াও জেলার আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বিনোদনকেন্দ্রগুলোর ফটক খুলেছে গতকাল মঙ্গলবার। এই জেলার লালমাই ও ময়নামতি পাহাড় এলাকায় রয়েছে ময়নামতি জাদুঘর, শালবনবিহার, আনন্দবিহার, ভোজবিহার, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া এবং ময়নামতি ওয়্যার সিমেট্রি, রানি ময়নামতির প্রাসাদসহ প্রত্নতাত্ত্বিক বহু নিদর্শন। এদিকে লালমাই পাহাড়ে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে ব্লু ওয়াটার পার্ক, বাংলাদেশের বৃহত্ ম্যাজিক প্যারাডাইস পার্ক, ডাইনোসর পার্ক, লালমাই লেকল্যান্ডসহ দৃষ্টিনন্দন নানা বিনোদনকেন্দ্র। করোনার প্রভাবে এসব নিদর্শন ও বিনোদন স্থাপনা গত ১৭ মার্চ থেকে বন্ধ রাখা হয়। লালমাই পাহাড় এলাকার ব্লু ওয়াটার পার্কের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘করোনার কারণে জেলার বিনোদন স্পটগুলো সাড়ে পাঁচ মাস বন্ধ রাখা হয়। এতে মানুষ বিনোদন থেকে বঞ্চিত হয়েছে। বিশেষ করে ঘরবন্দি শিশুদের মানসিক বিকাশে ধাক্কা লেগেছে। বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তে আমরা খুশি।’ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা আঞ্চলিক (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কার্যালয়ের পরিচালক মো. আতাউর রহমান বলেন, ‘শালবনবিহার, ময়নামতি জাদুঘরসহ প্রত্নতত্ত্ব স্থান ও বিনোদন এলাকাগুলোয় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করি।’ কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে জেলার সব পর্যটন স্থাপনা, বিনোদন পার্ক ও কমিউনিটি সেন্টার খোলা থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করবেন। এ বিষয়ে জেলা প্রশাসনের মনিটরিং টিম ও পর্যটন পুলিশ কাজ করবে।