বিলীন হচ্ছে মধুমতীতে ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়ক

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মধুখালীর কামারখালী ইউনিয়নে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের গ্রামের বাড়িসহ ঐ এলাকার ১৫টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক মধুমতি নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এছাড়া সড়কটির রাজধরপুর দিলীপ ঘোষের বাড়ির সামনের অংশও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ১৫টি গ্রামের সাড়ে ৩ হাজার লোকের দুর্ভোগের সীমা নেই। স্থানীয় কামারখালী বাজার, উপজেলা সদর এবং জেলা শহরে যাওয়া-আসা একমাত্র সড়কও এটি। সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। তারা মাথায় করে ছাড়া তাদের কৃষিপণ্য বাজারে নিতে পারছেন না। ফলে তারা আর্থিক সংকটেও পড়ছেন। কামারখালী ইউপি চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বাবু জানান, এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। তারা মেরামতের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, মধুমতি নদীতে কামারখালী হতে ভাটিয়াপাড়া পর্যন্ত স্থায়ীভাবে ভাঙন থেকে রক্ষার জন্য ১১ কিলোমিটার এলাকায় স্থায়ী প্রকল্প হাতে নিয়েছি। এটা বাস্তবায়নই আমাদের লক্ষ্য।