যশোর অফিস
যশোরে মঙ্গলবার বিদ্যুতের স্মার্ট প্রি-পেমেন্ট মিটার উদ্বোধন করা হয়েছে। অনলাইনের মাধ্যমে যশোরের জেলা প্রশাসকের বাসভবনে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সংযোগ দিয়ে এর উদ্বোধন করা হয়। ঢাকা থেকে অনলাইনের মাধ্যমে বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি এর উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেন, দেশে প্রায় ৪ কোটি প্রি-পেমেন্ট মিটারের চাহিদা রয়েছে। আগামী নির্বাচনের আগে ১ কোটি মিটার স্থাপন করা হবে বলে আশা করছি।
ঢাকা থেকে অনলাইনে কাজী নাবিল আহমেদ এমপি, ওজোপাডিকোর চেয়ারম্যান রহমতউল্লাহ মোহাম্মদ দস্তগীর প্রমুখ অংশ নেন। অন্যদিকে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শফিক উদ্দিন ও স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম উপস্থিত ছিলেন।