ঘুষের প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা লাঞ্ছিত
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ফাইল আটকে ঘুষ চাওয়ার প্রতিবাদ করায় সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা জামাল মোল্লাকে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে মুক্তিযোদ্ধা জামাল মোল্লার সাক্ষ্য গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা।
সাক্ষ্য প্রদান শেষে জামাল মোল্লা বলেন, ‘এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রীর এই ঘোষণা অনুসারে চাষাবাদের জন্য মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামে নিজ জমির পাশের একটি অনাবাদি ও অকৃষি জমির বন্দোবস্ত পেতে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে আবেদন করেন। আট মাসের অধিক সময় পার হলেও তার ফাইলটি ভূমি অফিসেই পড়ে থাকে। এ বিষয়ে খোঁজ নিতে গেলে ওই অফিসের সার্ভেয়ারের সহযোগী ওমেদার মো. সোহাগ কাজ করিয়ে দেওয়ার কথা বলে তার কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। গত ১৬ জুলাই ভূমি অফিসে গিয়ে ফাইল আটকে ঘুষ চাওয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন জামাল। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন তাকে অপমান করে ওই অফিস থেকে বের করে দেন। তবে জামাল মোল্লার অভিযোগ অস্বীকার করেছেন সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। এ বিষয়ে তদন্তের দায়িত্ব পাওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা বলেন, সাক্ষ্য নিয়েছি। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।