বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা
হিজলা উপজেলায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। সোমবার রাতে মেমানিয়াসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই স্পিডবোটের চালকসহ আরো তিন জন আহত হয়েছেন। নিহত রাজিয়া (১১) মেমানিয়া ইউনিয়নের ভারৈয়া গ্রামের বেল্লাল রাঢ়ির মেয়ে। সে একই ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামে তার মামা আব্দুল্লাহর সঙ্গে থাকতো।
হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন জানান, শনিবার আব্দুল্লাহ চিকিত্সার জন্য বরিশাল যায়। এ সময় তার সঙ্গে রাজিয়াও গিয়েছিল। সোমবার চরকুশুরিয়া ফেরার জন্য মামা ভাগনি হিজলা উপজেলার পুরান লঞ্চঘাট থেকে রাতে হিজলা গৌরবদী রুটের স্পিডবোটে ওঠে। এ সময় বোটে চালকসহ তারা তিন জন ছিল। মেমানিয়া মেঘনা মোহনায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, এতে স্পিডবোটের বডি ভেঙে রাজিয়ার পেটে ঢুকে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। তবে শিশুর মামা আব্দুল্লাহ অক্ষত আছে। দুই স্পিডবোটের চালকসহ আহত তিন জনকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মেঘনা থেকে জেলের লাশ উদ্ধার
হিজলা উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে জয়নাল সিকদারের (৪৭) লাশ উদ্ধার করা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার পুরাতন লঞ্চঘাটসংলগ্ন মেঘনার শাখা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গুয়াবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
হিজলা থানা পুলিশের ওসি অসীম কুমার সিকদার জানান, গত সোমবার রাতে নৌকায় করে মেঘনায় একা মাছ ধরতে গিয়েছিলেন জয়নাল সিকদার। এরপরই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। নদীতে সন্ধান চালিয়ে গতকাল মেঘনায় তার লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো নৌযানের ধাক্কায় নৌকাডুবিতে জয়নালের মৃত্যু হয়েছে।