সূচকের সঙ্গে কমেছে লেনদেন

শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মঙ্গলবার সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে সূচকের পতন হলেও এ দিন লেনদেনের শুরুতেই ডিএসইতে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনের প্রথম ৩০ মিনিটেই ডিএসইর প্রধান সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়; কিন্তু লেনদেনের সময় আধাঘণ্টা পার হতেই বদলে যায় চিত্র। লেনদেনে অংশ নেওয়া একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। ফলে নিম্নমুখী হতে থাকে সূচক। এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬২ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহসূচক এক পয়েন্ট কমে ১ হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করছে।

গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে অংশ নেওয়া ১৩৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ে। বিপরীতে দাম কমে ১৭৯টি এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭৭৭ কোটি ৪২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ১৬৬ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৮৯ কোটি ৩৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২০ কোটি ১৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৪টির এবং ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে।