ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে ৪ কোটি টাকা আত্মসাত্ করে পাচারের ঘটনায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার এই মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখার তিন কর্মকর্তা। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম তাদের সাক্ষ্যগ্রহণ করেন।
গতকাল আদালতে সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখার প্রিন্সিপাল অফিসার আতিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন ও আওলাদ হোসেন সাক্ষ্য দেন। এরা তিন জনই মামলার জব্দ তালিকার সাক্ষী। সাক্ষ্য গ্রহণকালে বিচারপতি সিনহার সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখার হিসাব বিবরণী আদালতে দাখিল করা হয়। সাক্ষ্যে বলা হয়, ২০১৬ সালের ৯ নভেম্বর তত্কালীন ফারমার্স ব্যাংকের দুটি পে-অর্ডারের মাধ্যমে তাদের শাখার গ্রাহক সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক হিসাবে মোট ৪ কোটি টাকা জমা হয়।
এই তিন জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলায় ১৮ সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য নেওয়া হলো। আগামী ৪ অক্টোবর এই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রাখা হয়েছে। এর আগে এই মামলায় কারাগারে থাকা আসামি ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকে (বাবুল চিশতী) আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা মামলার অপর আসামিরাও আদালতে হাজির ছিলেন। গত ১৩ আগস্ট এই মামলায় বিচারপতি সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এরপরই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।