কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মো. মনিরুল হক সাক্কুর রেফারেন্সে কুমিল্লা থেকে আসবাবপত্রের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজশাহীতে পাঠানো গাঁজার একটি চালান আটক ও ছয় জনকে গ্রেফতারের ঘটনায় শহর জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কুমিল্লা ব্রাঞ্চের এজিএম শফিকুল ইসলাম অপু ও বুকিংম্যান জসিম উদ্দিন জানান, ‘কুমিল্লা সিটি মেয়রের একটি ব্যবসা প্রতিষ্ঠানের জিএম আরিফের সঙ্গে কথা বলে ঐ মালামাল প্রেরণ করা হয়। তবে মেয়র মহোদয় এ বিষয়টি জানতেন না।’ এদিকে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কুসিক মেয়র।
জানা গেছে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর শাখার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গত শুক্রবার রাত সোয়া ৮টার দিকে মুক্তল হোসেনকে প্রাপক দেখিয়ে রাজশাহীতে বক্স খাট ও ডায়নিং টেবিলসহ আসবাবপত্র পাঠানো হয়। কুরিয়ারের রশিদে প্রেরকের স্থলে হুমায়ন কবির এবং রেফারেন্স স্থলে ‘মেয়র, কুমিল্লা সিটি করপোরেশন’ উল্লেখ করা হয়।
শফিকুল ইসলাম অপু আরো জানান, ‘শুক্রবার রাত ৮টায় কিছু ফার্নিচার নিয়ে আসেন হোটেল রেড রুফ ইনের বয় সোহেল ও মুক্তল নামের এক ব্যক্তি। আসবাবপত্রগুলো রাজশাহীতে পৌঁছলে গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বোয়ালিয়া থানা মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি কার্যালয়ে অভিযান চালিয়ে বক্স খাটের ভেতর থেকে ৫১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে।’
রেড রুফ ইন হোটেল বয় সোহেল জানান, হুমায়ুন কবির নামে তাদের এক কাস্টমার (গ্রাহক) মুক্তল নামের এ ব্যক্তিকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং মুক্তলের সঙ্গে ফার্নিচারগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে আসার জন্য বলে। ফার্নিচারের ভেতরে গাঁজা রাখার বিষয়টি তিনি জানতেন না বলে দাবি করেন।
এ বিষয়ে কুসিক মেয়র মো. মনিরুল হক সাক্কু সাংবাদিকদের জানান, ‘আমার নাম কীভাবে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে তা জানা নেই। রেড রুফ ইন-এর কর্মচারী সোহেল বর্তমানে হোটেলে কর্মরত আছে। তবে জিএম আরিফ তালুকদার করোনা পজিটিভ হওয়ায় বেশ কিছু দিন ধরে ছুটিতে রয়েছে। এক্ষেত্রে আমার নাম ব্যবহার করে কেউ অন্যায় কাজে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’ উল্লেখ্য, নগরীর রেইসকোর্স এলাকার হোটেল রেড রুফ ইন কুমিল্লা সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কুর নিজস্ব প্রতিষ্ঠান।