উখিয়ায় ৫০ হাজার ইয়াবা ও অস্ত্রসহ যুবক আটক

উখিয়ায় দেশীয় অস্ত্র, ৫০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। গত সোমবার রাতে বালুখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক দক্ষিণ রহমতের বিল এলাকার মো. কলি মোল্লার ছেলে জামাল উদ্দিন। জানা গেছে, উখিয়ার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকায় মো. কামাল মিয়ার বাড়িতে পাচারের উদ্দেশ্যে মিয়ানমারের উত্পাদিত ইয়াবা রয়েছে। এমন সংবাদে বালুখালী বিওপির টহল দল রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে কামালের বাড়ি তল্লাশি করে তার ছোট ভাই মো. জামাল উদ্দিনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের পর বাড়ির উঠানে গর্ত করে রাখা দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত মালামালসহ আসামিকে গতকাল উখিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে কক্সবাজার ৩৪ বিজিবির উপপরিচালক মো. তাজমিলুর ইসলাম নিশ্চিত করেছেন।