সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীর তৃৃতীয় দফায় আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই তিন আসামিকে আদালতে তোলা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম চার দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক তামান্না ফারাহ।
রিমান্ডপ্রাপ্তরা হলেন—টেকনাফ মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ। তাদেরকে রিমান্ডে আনার আগে সদর হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহে গত ১১ আগস্ট টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা থেকে পুলিশের তিন সাক্ষীকে গ্রেফতার করেছিল র্যাব।