গতকাল মঙ্গলবার ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় ‘স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এনসিডিসি প্রোগ্রাম ম্যানেজার-২ ডা. রিজওয়ানুল করিম। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই প্রতিবাদটি ছাপার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রতিবাদপত্রে ডা. রিজওয়ানুল বলেছেন, অসংক্রমণ রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি থেকে তার জন্য একটি পিকআপ বরাদ্দ করা হয়েছে। এর বাইরে তিনি কোনো গাড়ি ব্যবহার করেন না। ভুক্তভোগী নারী কর্মকর্তার বরাতে যে তথ্য ছাপা হয়েছে তা সর্বৈব মিথ্যা। এনসিডিসি কার্যক্রমে কোনো নারী কর্মকর্তা কাজ করেন না বলেও দাবি তার। এমনকি প্রতিমন্ত্রীর চেয়ার দখল করে বসার তথ্যটিও সঠিক নয়। এনসিডিসির কোনো নারী কর্মকর্তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠার তথ্যটিও সঠিক নয়। গত ৩ বছরে কাউকে পাশের জেলায় বদলিও করা হয়নি। মিথ্যা ও অশালীন অভিযোগের কারণে তার পারিবারিক, সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেছেন।
প্রতিবেদকের বক্তব্য :প্রতিটি অভিযোগের ব্যাপারেই ডা. রিজওয়ানুল করিমের বক্তব্য প্রতিবেদনে ছাপা হয়েছে। পাশাপাশি দালিলিক কোনো অভিযোগ নেই বলে তিনি দাবি করলেও ভুক্তভোগী নারীর অভিযোগের লিখিত কপি ইত্তেফাকের কাছে সংরক্ষিত আছে। এ বিষয়ে কোনো তদন্ত কমিটি হলে ঐ কমিটির সামনে সাক্ষ্য দিতেও ভুক্তভোগী নারী প্রস্তুত রয়েছেন বলে ইত্তেফাককে জানিয়েছেন।