ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি করে মুসলিম বিশ্বের সঙ্গে প্রতারণা করেছে আমিরাত :খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুসলিম বিশ্ব, আরব জাতি, গোটা অঞ্চল ও ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সংযুক্ত আরব আমিরাত। তিনি গতকাল দেশের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বার্ষিক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন। খবর আলজাজিরা ও পার্স টুডের

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আরো বলেছেন, আরব আমিরাতের বিশ্বাসঘাতকতা বেশি দিন স্থায়ী হবে না। কিন্তু এই কলঙ্ক মুছে যাবে না। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলে ইহুদিবাদীদের উপস্থিতির সুযোগ করে দিয়েছে। ফিলিস্তিন ইস্যু অর্থাত্ ইহুদিবাদীরা যে একটি রাষ্ট্রকে দখল করে সেখানে নিজেদের অস্তিত্ব ঘোষণা করেছে আরব আমিরাত তা ভুলে গিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। খামেনি বলেন, ফিলিস্তিনি জাতি সব দিক থেকেই প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। এ অবস্থায় আরব আমিরাত ইসরাইলি এবং ট্রাম্প পরিবারের ইহুদি সদস্যের মতো দুষ্টুদের সঙ্গে মিলেমিশে মুসলিম বিশ্বের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাত দ্রুত সচেতন হয়ে নিজের ভুল সংশোধন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।