আওয়ামী লীগ আয়োজিত ওয়েবিনারে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মূল ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে কমিশন গঠন করা হবে। সোমবার রাতে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারিক কার্যক্রম নিয়ে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি আয়োজিত ‘জাতির পিতার হত্যার বিচার :জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে জুম এর মাধ্যমে যুক্ত হন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু এবং বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল এতে যুক্ত হয়েছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপকমিটির সভাপতি ড. সাইদুর রহমান খান।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচনের জন্য একটি কমিশন গঠনের উদ্যোগ অনেকটাই এগিয়ে গেছে। করোনা ভাইরাস পরিস্থিতি সামলে এই কমিশনের রূপরেখা প্রণয়নের কাজও এগিয়ে নেওয়া হবে। আবদুল মতিন খসরু বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ‘মাস্টারমাইন্ডদের’ চিহ্নিত করতে হবে। ১৫ আগস্ট এক দিনে হয়নি। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে দীর্ঘদিন ধরে। মাস্টারমাইন্ড হিসেবে শাহ মোয়াজ্জেম, ওবায়দুর রহমানসহ আরো অনেকের নামও আসবে। এজন্য জাতীয় কমিশন গঠন করে শ্বেতপত্রও প্রকাশ করতে হবে।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ছাড়াও বিজয় টিভি এবং সময় টিভির পর্দায়, বিডি নিউজ২৪, বাংলা নিউজ২৪, বার্তা২৪, দৈনিক ইত্তেফাক, সমকাল, যুগান্তর, সারাবাংলা, ভোরের কাগজ, জাগো নিউজ২৪, বাংলাদেশ জার্নাল, ঢাকা টাইমস ও অপরাজেয় বাংলার ফেসবুক পাতায় সরাসরি প্রচারিত হয়।