পিকে হালদারের প্রতিষ্ঠান

এসটিএলের ব্যাংক হিসাব খুলে দিল বিএফআইইউ

এসটিএলের ব্যাংক হিসাব খুলে দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বহুল আলোচিত প্রশান্ত কুমার হালদার (পি কে) হালদারের সুবিধাভোগী প্রতিষ্ঠানের মধ্যে সাবের ট্রেডার্স লিমিটেড বা এসটিএল ডিপ্লোমেটিক ওয়্যারহাউজ অন্যতম। পি কে হালদারের অপকর্মে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনেকেরই ব্যাংক হিসাব স্থগিত (ফ্রিজ) করেছিল বিএফআইইউ।

পিকে হালদারের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) যেসব প্রতিষ্ঠানে তদন্ত করছে এসটিএল ছিল সে তালিকায়। সম্প্রতি তদন্ত থেকে অব্যাহতি চেয়ে দুদকে আবেদন করেছে এসটিএলের ব্যবস্থাপনা পরিচালক জামালউদ্দিন আহমেদ চৌধুরী। আবেদনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স থেকে এসটিএল এর অনুকূলে ঋণ গ্রহণ করা হয়। সে ঋণের কিস্তি নিয়মিত দেওয়া হচ্ছে। আর বকেয়া অর্থও গত মাসের ১৯ তারিখ দেওয়া হয়েছে। এমতাবস্থায় এ প্রতিষ্ঠানকে তদন্ত থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করছি। তবে তদন্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কীনা সে বিষয়ে এখনো পর্যন্ত দুদক এ বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি।

ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও এসটিএলে পরিচালক রয়েছেন রামপ্রাসাদ ও শাহ আবরার ফাইয়াজ। আর শেয়ারহোল্ডার হিসেবে রয়েছে হাল ইন্টারন্যাশনাল ও সিলমুন ইলেকট্রোড লিমিটেড। এসটিএল ডিপ্লোমেটিক ওয়্যারহাউজ ক্রয় বিক্রয় নিয়েও নানা ধোয়াশা রয়েছে। পিকে হালদারের বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ থেকেই এ ওয়্যারহাউজ কেনা হয়। কূটনৈতিকদের পানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান এসটিএলের নামে ক্যাসিনোতে মদ-বিয়ার সাপ্লাই দেওয়ার অভিযোগ আছে। গতবছর ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ ওয়্যারহাউজের বিরুদ্ধে জোরেসোরেই অভিযোগ উঠে।

ইত্তেফাক/জেডএইচডি