পলাশবাড়ী উপজেলা শাখার যুবলীগ সভাপতি আজাদ বহিষ্কার 

আওয়ামী যুবলীগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. আজাদুল ইসলাম আজাদকে বহিস্কার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে আজাদুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হইল। 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের গাইবান্ধা জেলা শাখার সভাপতি সরদার শহিদ হাসান লোটন জানান, আজাদুল ইসলাম আজাদ পলাশবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতির পদ ছাড়াও একইসাথে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদের দায়িত্বপালন করছিলেন। এই কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।  

আরও পড়ুন: নারী চিকিৎসককে গণধর্ষণের মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

তিনি আরও জানান, পরবর্তী কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাসেল মাহামুদ তাপস ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, পলাশবাড়ী উপজেলা শাখার বহিষ্কৃত সভাপতি আজাদুল ইসলামের বিরুদ্ধে উপজেলার হাজার হাজার বেকার যুবক-যুবতীদেরকে সরকারি বেকার ভাতা অনুমোদনসহ নানা সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। সম্প্রতি এনিয়ে প্রতারিত যুবক-যুবতীরা তার বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন এবং গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। 

ইত্তেফাক/এএএম