অস্ট্রেলিয়ার অর্থনীতি গত ৩০ বছরের মধ্যে এবারই প্রথম মন্দায় পড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) অস্ট্রেলিয়ার মোট দেশজ উত্পাদন (জিডিপি) আগের প্রান্তিকের তুলনায় সংকুচিত হয়েছে ৭ শতাংশ। কোনো দেশের পরপর দুই প্রান্তিক জিডিপি সংকোচন হলে মন্দা পরিস্থিতি ধরে নেওয়া হয়।
বিবিসির সংবাদ অনুযায়ী দেশটি এবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শূন্য দশমিক ৩ শতাংশ সংকোচন দেখেছে। অস্ট্রেলিয়ার জিডিপির হার নির্ধারণ শুরু হওয়ার পরে এটি বড় পতন। জিডিপি, শিল্প উত্পাদন, চাকরির বাজারসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক সম্প্রসারণের বদলে সংকোচনের লক্ষণ দেখা দিলেই মন্দার শঙ্কা তৈরি হয়। এর আগে ২০০৮ সালে অর্থনৈতিক সংকটের সময় মন্দা এড়াতে সক্ষম হয়েছিল অস্ট্রেলিয়া। মূলত চীন থেকে প্রাকৃতিক সম্পদের চাহিদা থাকায় দেশটির রপ্তানি বাণিজ্য সে সময় ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এ বছরের শুরু থেকে করোনার প্রভাবে দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে।