‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে ফিরেছে ১২ কোম্পানি

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত ১২ কোম্পানি তাদের আগের অবস্থানে অর্থাত্ ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, প্রাইম ইনসিওরেন্স, লিবরা ইনফিউশন, হাইডেলবার্গ সিমেন্ট, এবি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক ও রেনউইক যজ্ঞেশ্বর ‘এ’ ক্যাটাগরিতে এবং বিডি থাই, সালভো কেমিক্যাল, সাফকো স্পিনিং, অ্যাপোলো ইস্পাত, জাহিনটেক্স ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ‘বি’ ক্যাটাগরিতে ফিরেছে। গতকাল থেকে এসব কোম্পানির শেয়ার লেনদেন তাদের  আগের অর্থাত্ ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে হবে।

জানা গেছে, ‘এ’ বা ‘বি’ ক্যাটাগরিভুক্ত কোনো কোম্পানি পূর্ববর্তী বছরে লভ্যাংশ দিলে পরের বছর তা দিতে না পারলেও সেটি জেড ক্যাটাগরিতে যাবে না। ঐ কোম্পানির শেয়ার লেনদেন আগের ক্যাটাগরি অনুযায়ী হবে। তবে পরপর দুই বছর লভ্যাংশ দিতে ব্যর্থ হলে বা বোনাস লভ্যাংশ দিলে ঐ কোম্পানি জেড ক্যাটাগরিভুক্ত হবে। নতুন এই নিয়মের ফলে এই ১২টি কোম্পানি ‘জেড’ থেকে পূর্ববর্তী ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে ফিরেছে।