ফিরলেন সাকিব

প্রায় ছয় মাস পর বাংলাদেশে ফিরেছেন সাকিব আল হাসান। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া এই ক্রিকেটার মঙ্গলবার রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন। বর্তমানে বনানীতে নিজের বাসায় অবস্থান করছেন তিনি। দ্রুতই করোনা পরীক্ষা হবে তার। নেগেটিভ হলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে প্রত্যাবর্তন মিশন শুরু করবেন সাকিব।

আগামী ২৮ অক্টোবর শেষ হবে তার নিষেধাজ্ঞার মেয়াদ। তার আগে চলতি মাস থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরার প্রস্তুতিটা চলবে বিকেএসপিতে।

বিসিবি সভাপতির ভাষ্য অনুযায়ী শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট থেকেই খেলবেন এই বাঁ-হাতি ক্রিকেটার। যদিও সাকিব ইস্যুতে নির্বাচকরা জাতীয় দলের কোচের মতামত নেবেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলছেন, ২৯ অক্টোবর থেকে সাকিবকে নিয়ে ভাববে বিসিবি।

শ্রীলঙ্কা সফরের দলে সাকিবকে রাখার প্রক্রিয়া জানতে চাইলে গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এটা এই মুহূর্তে আমি কিছু বলতে পারব না। কারণ, টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে যে কীভাবে কী করবে। ওর নিষেধাজ্ঞা তো অক্টোবর পর্যন্ত আছে, এরপর কী করণীয় আছে টিম ম্যানেজমেন্ট, প্রধান কোচ না আসা পর্যন্ত কিছু বলতে পারছি না।’

সাকিব প্রসঙ্গে গতকাল বিসিবি পরিচালক আকরাম খান বলেছেন, ‘আমাদের গাইডলাইন হবে ২৯ তারিখের পরে তার আগে না। আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে আমরা তার সঙ্গে কাজ করব ২৯ তারিখ থেকে। তার আগে আমাদের কোচ যদি তাকে সাহায্য করতে চায় সে কিন্তু ব্যক্তিগতভাবে গিয়ে করতে পারবে।’