৬ সেপ্টেম্বর ফিরছেন ডমিঙ্গো

করোনার কারণে প্রায় ছয় মাসের লম্বা বিরতি শেষে বাংলাদেশে ফিরছেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবেন তিনি। একই ফ্লাইটে তার সঙ্গে ফিল্ডিং কোচ রায়ান কুকও ফিরছেন।

গতকাল এই প্রোটিয়া কোচ নিজেই তা নিশ্চিত করেছেন। ঢাকায় ফিরে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন ডমিঙ্গো। তারপর শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় দলের অনুশীলনে যোগ দিবেন তিনি। এ ছাড়া ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান, স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিবেন।

গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খানও বলেছেন, ডমিঙ্গো ৬ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন। গতকাল তিনি বলেছেন, ‘কোচরাতো ২ তারিখ আসার কথা ছিল। যেহেতু ফ্লাইট বাতিল হয়েছে সেহেতু আশা করছি ৬ তারিখের দিকে আসবে। সবকিছুই কঠিন, আগের মতো সহজ না। ২ তারিখ আসবে এ কারণে করোনা টেস্ট করিয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এখন আবার ৪ তারিখ উঠবে, আবার টেস্ট দিতে হবে।’ এদিকে জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো, ট্রেনার ট্রেভর নিক লি ঢাকায় ফিরে কোয়ারেন্টাইনে রয়েছেন।