সৈয়দপুর রেলওয়ে কারখানায় স্থাপিত দেশের প্রথম রেল জাদুঘর দুর্লভ নানা নিদর্শনে সমৃদ্ধ হচ্ছে। গত ২৯ আগস্ট দেশের এই প্রথম রেলের জাদুঘরটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা। এই জাদুঘরে ইতিমধ্যে ঠাঁই হয়েছে ব্রিটিশ আমলে তৈরি কালের সাক্ষী প্রেসিডেন্ট সেলুন কোচ। মূলত ব্রিটেনের রানি ভারতের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য ঐ সেলুনটি এখানে বয়ে আনেন। দেশ বিভাগের পর ১৯৪৮ সালের ২৮ জুন তত্কালীন পূর্ব পাকিস্তান রেলওয়েকে (পিইআর) ঐ সেলুনটি উপহার হিসেবে দিয়ে যায় ব্রিটিশ সরকার।
বাংলাদেশের প্রথম কয়লাচালিত লোকোমোটিভ বা ইঞ্জিনের ঠাঁই হয়েছে এই জাদুঘরে। এর মধ্যে একটি কয়লাচালিত ব্রডগেজ, একটি ন্যারো গেজ ইঞ্জিন এবং অপরটি ডিজেলচালিত মিটারগেজ ইঞ্জিন রয়েছে। কয়লাচালিত ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ বা ইঞ্জিন ১৯৩৬ সালে তৈরি করা হয়েছিল। একটি বিশেষ রুটে অর্থাত্ খুলনা-বাগেরহাট রুটে কয়লাচালিত ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল করত। সর্বশেষ ১৯৩৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত চলাচল করেছে কয়লাচালিত ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ। বর্তমানে সারা পৃথিবীতে ন্যারো গেজ ইঞ্জিনের ব্যবহার নেই বললেই চলে। এছাড়া বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক দুর্লভ ও দুষ্প্রাপ্য রেলের জিনিসপত্র এই জাদুঘরে আনা বলে জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) মুহম্মদ কুদরত-ই-খুদা। তিনি বলেন, আগামী প্রজন্মকে অতীত ইতিহাস ও ঐতিহ্য জানাতে এই আয়োজন।