টানা বৃষ্টি ও দীর্ঘস্থায়ী বন্যার প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতায় মির্জাপুর উপজেলায় ১৩টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের ১০টিই ডুবে আছে। ফলে এসব কেন্দ্রের চিকিত্সক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম বলেন, গত দুই মাস ধরে ঐসব কেন্দ্রে কর্মরত চিকিত্সক, পরিদর্শক এবং স্বাস্থ্যকর্মীরা নৌকা ও ভেলায় চড়ে বাড়ি বাড়ি গিয়ে বিনা মূল্যে রোগীদের পরামর্শ, সেবা ও ওষুধ দিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক মোস্তাকিম বলেন, প্রশাসন থেকেও চিকিত্সকদের সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে।