সিলেটে বন্যার পর আমন চাষে নেমেছে কৃষক

এবার তিন দফা বন্যার পরও সিলেট বিভাগে আউশের ভালো ফলন দেখে রোপা আমনচাষিরা দ্বিগুণ উত্সাহে এখন মাঠে নেমেছেন। বারবার বন্যার কারণে সিলেটের রোপা আমনচাষিরা সময়মতো বীজতলা করতে গিয়ে বাধাগ্রস্ত হন মারাত্মকভাবে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার ১৬টি উপজেলার আমন চাষিদের হিমশিম খেতে হয়। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ জানান, ‘এখন সিলেট বিভাগে বন্যার পূর্বাভাস নেই। নদনদীর পানিও বিপত্সীমার নিচে। বন্যায় বারবার কৃষকরা বাধাপ্রাপ্ত হলেও এখন নাবি জাতের রোপা আমনের আবাদ চলছে।’ নির্ধারিত সময়ে রোপা আমনের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করা হবে, এই আশা ব্যক্ত করেন তিনি।  কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে সিলেটের চার জেলায় ৪ লাখ ১ হাজার ৯৮৭ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ২৫ আগস্ট পর্যন্ত প্রায় ৩ লাখ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। কৃষি বিভাগ আরো জানায়, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অবশিষ্ট জমিতে ধান রোপণ সম্পন্ন হবে। সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ আরো জানান, সিলেট জেলায় সর্বোচ্চ ১ লাখ ৪১ হাজার ২৫০ হেক্টর জমিতে আবাদ করা হবে। মৌলভীবাজারে ১ লাখ ২০০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।