উপজেলার কালনী বাজারের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এইচকে নেটে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গত চার দিনেও মামলা রুজু করেনি রূপগঞ্জ থানার পুলিশ। এইচকে নেটের পরিচালক হুমায়ূন কবির মিয়া জানান, বিটিআরসি থেকে তার স্ত্রী সুফিয়া বেগমের নামে অনুমোদন নিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা গত ৩০ আগস্ট দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এইচকে নেট অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে আশপাশের লোকজন চলে এলে হুমায়ূন কবির ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে সিসি ক্যামেরায় সন্ত্রাসীদের ছবি চিহ্নিত করেছে এলাকাবাসী। এ ঘটনায় সাত জনকে আসামি করে হুমায়ূন কবির রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার চার দিন অতিবাহিত হলেও গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে রুজু করেনি রূপগঞ্জ থানার পুলিশ। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।’