‘ডোরাকাটা দাগ দেখে বাঘ চেনা যায়’ বাংলা সিনেমার কালজয়ী এই গানের কথা অনেকটাই ভুল প্রমাণিত হবে একটা কুকুরকে দেখে। বাঘের মতো কমলা রঙের মধ্যে কালো ডোরাকাটা দাগ দেখে অনেকেই এটিকে বাঘ মনে করে ভুল করতে পারেন। কিন্তু বাঘের মতো গর্জন করার বদলে কুকুরের মতো ঘেউ ঘেউ করার পর যে কেউ বাঘ এবং কুকুরের এই পার্থক্য বুঝতে পারবেন। বাঘের মতো রং করা এই কুকুরের দেখা মিলেছে মালয়েশিয়ায়।
দেশটির এক জন ফেসবুক ব্যবহারকারী বাঘের মতো দেখতে কুকুরটির কয়েকটি ছবি তার টাইমলাইনে শেয়ার করেন। এরপরই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। কেউ কেউ বাঘরূপী এই কুকুরের ছবি দেখে মজা পেলেও পশুপ্রেমীরা এতে দারুণ চটেছেন। তাদের যুক্তি, এভাবে কোনো প্রাণীর সঙ্গে মজা করার কোনো অর্থ হয় না। কোনো প্রাণীর শরীরে কৃত্রিম রং দেওয়ার কারণে বিষক্রিয়া এবং অন্যান্য ক্ষতির আশঙ্কা রয়েছে। এমন অমানবিক কাজের জন্য দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দেশটির প্রাণী অধিকার সংরক্ষণ গ্রুপের সদস্যরা। এই ধরনের কাজের সঙ্গে যুক্তদের তথ্য দিতে পুরস্কারও ঘোষণা করেছেন তারা।—এনডিটিভি