রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নে নারী চিকিত্সককে গণধর্ষণের মামলায় তিন জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে খুলনায় মাদ্রাসাছাত্র মুছা শিকদার হত্যা মামলায় আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে।
রাজবাড়ী :বুধবার দুপুরে রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নে নারী চিকিত্সককে গণধর্ষণের মামলায় তিন জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো-রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আরশাদ মোল্লার ছেলে মামুন মোল্লা (২২), বসন্তপুর ইউনিয়নের মজলশিপুর গ্রামের মৃত মুন্নাফ সরদারের ছেলে হান্নান সরদার (৩২) এবং একই গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে রানা মোল্লা (২৭)। রায়ে ফাঁসির পাশাপাশি তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।
খুলনা অফিস জানায়, খুলনায় মাদ্রাসাছাত্র মুছা শিকদার (১৬) হত্যা মামলায় আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া মামলার ৩৬৪ ধারায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বনি আমিন শিকদার, রাহিম শেখ, রাজু শিকদার ও নূহু শেখ। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।