মশার প্রজননস্থল চিহ্নিত ও অবৈধ ক্যাবল অপসারণে ডিএসসিসির অভিযান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় অবৈধ ক্যাবল অপসারণ ও মশার প্রজননস্থল চিহ্নিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ডিএসসিসি। অভিযানের ১৭তম দিনে গতকাল বুধবার নগর ভবনের আশপাশে চানখারপুল ও বঙ্গবাজার এলাকায় অবৈধ ক্যাবল অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বাধীন আদালত এ সময় ৯টি ইলেকট্রিক পোল থেকে অবৈধ ক্যাবল অপসারণ করেন। পাশাপাশি অবৈধভাবে রাস্তার ওপর দুইটি মোটরসাইকেল পার্ক করে রাখায় মালিকদের ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ২৩টি স্থাপনা পরিদর্শন করেন। অভিযানকালে একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় একটি মামলা দায়ের ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।