দুর্নীতি লুটপাট বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে প্রতিরোধ গড়তে হবে —ইনু

দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। দলের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বুধবার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জাতীয় যুব জোট কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ শহিদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় মোবাইলে দেওয়া বক্তব্যে ইনু আরো বলেন, করোনা আমাদের বিদ্যমান রাষ্ট্র ও শাসন ব্যবস্থার দুর্বলতা, ঘাটতি, কমতি প্রকাশিত করেছে। তাই সংবিধান পর্যালোচনা করে রাষ্ট্র ব্যবস্থা ও শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হবে।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে এবং যুগ্মসাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জাসদের স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহিল কাইয়ূম, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স প্রমুখ।