ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য গতকাল বুধবার নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। হাই কমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে মিশনের কর্মকর্তা ও অতিথিরা প্রণব মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা এক মিনিটের নীরবতা পালন করেন। শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত প্রণব মুখার্জির একান্ত সচিব অভিজিত্ রাই, সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী, জয়ন্ত ঘোষাল এবং স্মিতা শর্মা।
হাইকমিশনার ইমরান বলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও শুভাকাঙ্ক্ষী ছিলেন প্রণব মুখার্জি। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, প্রণব মুখার্জি ছিলেন মানবতার প্রতি গভীর বিশ্বাসী। তিনি সামাজিক অবস্থান ও জাতীয়তা বিবেচনা করে মানুষের জন্য কাজ করতেন না। তিনি মানবতার জন্য কাজ করতেন।
সভায় রাষ্ট্রপতি হিসেবে ও অন্যান্য সময়ে প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের ওপর একটি প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।