ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে হঠিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের দেওয়া তথ্য অনুযায়ী—সম্পত্তির অঙ্কের ভিত্তিতে সোমবার জাকারবার্গকে টপকে গেছেন মাস্ক। ঐ দিন জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ ১১৫.৪ বিলিয়ন ডলার (৯ লাখ ৮০ হাজার ৯০০ কোটি টাকা)। অন্যদিকে জাকারবার্গের সম্পত্তির পরিমাণ ছিলো ১১০.৮ বিলিয়ন ডলার (৯ লাখ ৪১ হাজার ৮০০ কোটি টাকা)। খবর: সিএনএন।
বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরে মাস্কের সংস্থা টেসলার শেয়ারের দাম রকেট গতিতে বেড়ে যাওয়ায় জাকারবার্গকে টপকে গেছেন মাস্ক। এ বছর টেসলার শেয়ারের দাম বেড়েছে ৪৭৫ শতাংশ। বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকায় এখনো প্রথম স্থানটি দখল করে আছেন অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার (১৭ লাখ কোটি টাকা)।
অন্যদিকে বিশ্বের শীর্ষ ধনী নারীর তালিকায় উঠে এসেছেন জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কট। জেফ বেজোসের কোম্পানি অ্যামাজনের আংশিক শেয়ারের মালিকানা থাকা ম্যাকেনজির সম্পদের পরিমাণ ৬৬.৪ বিলিয়ন ডলার (৫ লাখ ৬৪ হাজার ৪০০ কোটি টাকা)।
ইত্তেফাক/বিএএফ