‘আমরা যেন ওয়েব প্লাটফর্মটাও নষ্ট না করি’

নির্মাতা সাগর জাহান। করোনায় শুটিং বন্ধের পরিস্থিতির পর অনেকে আবারো কাজ শুরু করলেও ফেরেননি তিনি। তবে শিগগিরই বেশকিছু কাজ ধারাবাহিকভাবে শুরু করবেন। পাশাপাশি ওয়েব প্লাটফর্মের জন্য নির্মাণ করবেন শর্ট ফিল্ম। সার্বিক এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
 
করোনার কারণে শুটিং বন্ধ ছিল অনেকদিন। তবে এখন আবারো শুটিংয়ের অবস্থা স্বাভাবিক হতে যাচ্ছে। আপনার কাজে ফেরার পরিকল্পনা কী?

এখন পর্যন্ত শুটিং শুরু করিনি। তবে কাজের পরিকল্পনা রয়েছে। প্রতি ঈদে দর্শকদের জন্য একটি হলেও নাটক নির্মাণ করি। এবার সেটি হয়নি। আর করোনার পরিস্থিতি সামনে কোনদিকে যাবে সেটি কিন্তু এখনো আমরা জানি না। তাই আগামী বছরের বিশেষ দিনগুলো যেমন ভালোবাসা দিবস, ভাষা দিবস, বৈশাখ এমনকি ঈদের কাজের প্রস্তুতি আমি এখন থেকে নিচ্ছি। সবগুলো কাজ আমি ধারাবাহিকভাবে করে ফেলতে চাই। চ্যানেলগুলো সঙ্গেই এ নিয়ে কথা হয়েছে। তারাও বিষয়টিতে সম্মতি দিয়েছে।

রোজার ঈদে নাটকের সংখ্যা কম থাকলেও, কোরবানি ঈদে আবারো অনেকে নাটক নির্মাণ করেছেন। আপনি নির্মাণের বাইরে ছিলেন কেন?

আমি যেভাবে কাজের পরিবেশ চাই। সেই পরিবেশ ছিল না। কোরাবানি ঈদে কাজ করলেও একটা আতঙ্কের মধ্যে কাজ করতে হয়েছে। এছাড়া মোশাররফ ভাই বা জাহিদ ভাইয়ের সঙ্গে আমি যেভাবে সময় নিয়ে কাজ করি সেটিও সম্ভব ছিল না। তাই কাজ করিনি। দর্শকদের যেই আস্থা আমার ওপর আছে সেটি নষ্ট করতে চাই না। কাজ করতেই হবে এমন কাজ আমার জায়গা থেকে করতে চাই না।

ঈদে নাটক প্রচারের এক প্রতিযোগিতা তৈরি হয় চ্যানেলগুলো ও নির্মাতাদের মধ্যে। কে কয়টি নাটক প্রচার ও নির্মাণ করতে পারে। সাত দিনব্যাপী এতগুলো নাটক প্রচারের প্রয়োজনীয়তা কতটুকু মনে করেন?

প্রথমত আমাদের দর্শকদের বিনোদনের এমনিতেই অনেক সংকীর্ণতা রয়েছে। এরমধ্যে সাত দিনব্যাপী আয়োজনের বিপক্ষে আমি না। নাটক প্রচারের যেই প্রতিযোগিতা রয়েছে সেটি এখন চাইলেও বন্ধ করা সম্ভব নয়। এরমধ্যে থেকেই ভালো কাজগুলো দর্শকরা নির্বাচন করবেন দেখার জন্য।

বর্তমানে ওয়েব প্লাটফর্মের জনপ্রিয়তা বাড়ছে। আপনার কাজ ওয়েব প্লাটফর্মে কবে দর্শক দেখতে পাবেন?

দুটি শর্ট ফিল্ম নির্মাণের পরিকল্পনা চলছে। এগুলোর কাজ হয়তো সামনে শুরু হবে। তবে স্ক্রিপ্ট এরইমধ্যে তৈরি হয়েছে। এছাড়াও ‘হইচই’-এর সঙ্গে একটি সিরিজ নিয়ে কথা হচ্ছে। সেটি এখনো চূড়ান্ত হয়নি। ওয়েব প্লাটফর্মের অভ্যস্ততা দর্শকদের মাঝে তৈরি হচ্ছে। বিশেষ করে করোনার মধ্যে এর জনপ্রিয়তা কয়েকগুনে বেড়ে যায়। এখানে বাজেট ভালো পাওয়া যায়। কাজের মানও ভালো। তবে আমরা যেন ওয়েব প্লাটফর্মটাও নষ্ট না করি। কারণ টিভি নাটকের বাজেট কমার জন্য আমাদের সার্বিক যেই দায় রয়েছে। সেটি আশা করি ওয়েবে সৃষ্টি হবে না। সংখ্যার চেয়ে মানের দিকেই গুরুত্ব দেবেন সবাই।