নার্সিসাস কিংবা প্লেটোনিক

অন্তরালবর্তিনী তুমি

না দেখা মুখের জাদু কুয়াশার মতো বিভোর করেছে।

‘দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে’র ডোরিয়ানের পোর্ট্রেটের মতো

অলৌকিক মায়া স্বপ্নের মতো গেঁথে আছে।

আত্মমুগ্ধ তুমি যেন নার্সিসাস

বিভোর হয়ে থাকলে নিজেরই জলতল প্রকাশে

আকাশ উপুড় হয়ে বৃষ্টি নামলে

বৃষ্টি না দেখে মেঘের উতরোল দেখে কাটিয়ে দিলে জীবন।

যেন টেনিসনের ‘দ্য লেডি অব শ্যালট’

বাস্তবের ভেতরে থেকেই বাস্তববিচ্যুত

লেডি বার্ড পোকার মতো উঠছো-নামছো।

অন্তরালবর্তিনী তুমি

অন্যতর প্রেম নিয়ে থেকে গেলে রহস্যের গূঢ় অন্তরালে।